প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
দিনাজপুর ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য এক লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ফকিরগঞ্জ বিওপির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত