প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন,আনন্দ মিছিল স্থানীয়দের
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের খবরে আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হিলি রেলস্টেশন থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হিলির যোগাযোগব্যবস্থার উন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানান।আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া হিলি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে হিলিবাসী নানা ক্ষেত্রে অবহেলিত ছিলেন। হিলি স্থলবন্দর থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও এলাকার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে তাদের অভিযোগ। এমন পরিস্থিতিতে হিলি রেলস্টেশনে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি ও আনন্দিত।তারা আরও বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারবেন। এতে সময় ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। একই সঙ্গে হিলির ভাঙাচোরা সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা।হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আমাদের হিলি বিগত দিনে অনেক অবহেলিত ছিল। বিএনপি সরকার আসার পর উন্নয়ন শুরু হয়ে গেছে। নির্বাচনে আমাদের সমাজকল্যাণমন্ত্রী বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের চাওয়া-পাওয়া পূরণ করব। তাঁর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ হিলির বিভিন্ন সমস্যার সমাধানে কাজ হচ্ছে।উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। দিনাজপুর-৬ আসনের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত ধরে এ আসনে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে। মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করবেন। ইতিমধ্যে চার উপজেলায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে হিলি রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৬৫ নম্বর আন্তনগর নীলসাগর এক্সপ্রেস এবং ৮০৫ নম্বর আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির অনুমতি পেয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের চাহিদা এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেন দুটির যাত্রাবিরতির অনুমোদন পাওয়ায় হিলির যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।এদিকে, অনুমোদনের খবরে আনন্দ মিছিলের মধ্য দিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এখন ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন হিলি ও আশপাশের এলাকার যাত্রীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত