প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
বিরামপুরে মিড ডে মিলের পাইলট প্রকল্প উদ্বোধন
রংপুর বিভাগের নির্বাচিত একমাত্র বিরামপুর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১ নভেম্বর) শিক্ষার্থীদের মিড ডে মিল (কুপন) পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে। ঐ প্রকল্পের গতানুগতিক একই রকম খাদ্যে বৈচিত্র আনার জন্য শিশুদের পছন্দ মতো ৮ রকমের খাবারের সম্ভার নিয়ে এই পাইলট প্রকল্প শুরু করা হলো। দেশের ৮ বিভাগে ৮টি প্রাথমিক বিদ্যালয়ে এ পাইলট প্রকল্পের আওতায় রংপুর বিভাগের বিরামপুর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাইলট প্রকল্পের জন্য বেছে নিয়ে সেখানে রবিবার প্রকল্পের উদ্বোধন করা হয়। এ পাইলট প্রকল্পে এখন থেকে মিড ডে মিল হিসাবে ডিম ও কলার পাশাপাশি শিশু শিক্ষার্থীরা তাদের কুপন জমা দিয়ে নির্ধারিত দোকান থেকে পছন্দ মতো খাদ্য বনরুটি, কিসমিচ, বাদাম, ড্রাইকেক, খেজুর ও বিস্কুট নিতে পারবেন। অভিভাবকদের প্রত্যাশা, প্রতিদিন ৩৫ টাকা মূল্যের বৈচিত্রময় এ খাবারের প্রতি শিশুরা আরো বেশি আগ্রহী হবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়বে।উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি সানোয়ার হোসেন, ইএসডিও এনজিও’র স্কুল ফিডিং কর্মসূচির জেলা ম্যানেজার শাহ মোঃ আমিনুল হক, প্রধান শিক্ষক আলী কবির রেজা, বিএনপির ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমূখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত