প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরেও জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। রবিবার কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন পদক্ষিণ শেষে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ কুমার দেব নাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, স্বাবলম্বী যুবক-যুবারা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলায় নতুন দুটি নিবন্ধিত যুব সংগঠনের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া বেকারত্ব দূর করার লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে প্রশিক্ষণার্থী যুবক ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প সুদে ৯লাখ ৫০হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। পরে অতিথিরা বিভিন্ন উদ্যোক্তাদের দেওয়া পণ্যের স্টল ঘুরে দেখেন। সভায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে ঋণ নিয়ে কিভাবে স্বাবলম্বী হয়েছেন সেই গল্প তুলে ধরেন উপজেলার সফল উদ্যোক্তারা। বেকারত্ব মানে হতাশা নয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সহজেই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে বিনির্মাণ করার অনেক সুযোগ রয়েছে। তাই দেশের বেকার সমস্যা দূরীকরণের ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার তাগিদ প্রদান করেন বক্তারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত