প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান আরও গতিশীল করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত