প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
নতুন দামে বিক্রি হবে এলপিজি গ্যাস সিলিন্ডার
বাজারে অস্থিরতার মধ্যে আবারো বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে এলপিজি সিলিন্ডার। এর আগে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। ওই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।একইসাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।এর আগে, রোববার (৪ অক্টোবর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা চলছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত দামের এলপিজি সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত