প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩) এবং জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও মাহাদি হাসান (২০)।পুলিশ জানায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি সমবেত হন। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে তারা শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশি প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত