প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, শনিবার সকাল ৮টার দিকে বরিশাল সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ড স্টেশন বরিশাল নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে অভিযান চালিয়ে দুটি বাল্কহেড ও দুটি ড্রেজার জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন। আদায় করা জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড ছেড়ে দেওয়া হয়।কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ে। এসব ক্ষয়ক্ষতি রোধে নদী ও নদীতীরবর্তী মানুষের সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত