প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
হাজীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
চাঁদপুরের হাজীগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সহস্রাধিক দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। এ সময় ছানি রোগে আক্রান্ত ২০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।শনিবার (৭ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্যোগে এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চাঁদপুরের চার উপজেলার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর সহস্রাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা গ্রহণ করেন।ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চোখের ড্রপ বিতরণ করা হয়। এছাড়া ছানি রোগে আক্রান্ত বাছাইকৃত ২০০ রোগীকে পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনামূল্যে চাঁদপুর চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করানো হবে। সেখানে রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন, ওষুধ ও কালো চশমাসহ যাবতীয় চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদান করা হবে।আয়োজক মোহাম্মদ ইউনুছ উল্ল্যাহ জানান, এটি তাদের ধারাবাহিক দশম বছরের আয়োজন। সমাজের অবহেলিত, অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে এবং আর্থিক অসচ্ছলতার কারণে যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি আরও জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত