প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ঘুষের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি জমির মালিকের
দিনাজপুরের হাকিমপুরে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের চেক প্রদানকে কেন্দ্র করে ঘুষ গ্রহণের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তি। তাঁর দাবি, একটি গোডাউন ও জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আসমান আলী জোয়ার্দার তাঁর বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় হাকিমপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মোবারক হোসেন। তিনি উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাসিন্দা।লিখিত বক্তব্যে মোবারক হোসেন জানান, ২০২০ সালের শেষের দিকে ক্রয়সূত্রে পাওয়া জমিতে তিনি একটি স্থাপনা নির্মাণ করেন। পরে ২০২১ সালে আসমান আলী জোয়ার্দার তাঁর সঙ্গে যোগাযোগ করে গোডাউনটি ব্যবহারের অনুমতি চান। মানবিক কারণে তিনি মৌখিকভাবে গোডাউনটি ব্যবহারের সুযোগ দেন। তবে এ বিষয়ে কোনো লিখিত চুক্তি হয়নি বলে দাবি করেন তিনি।মোবারকের অভিযোগ, পরবর্তী সময়ে গোডাউনটির ব্যবহার ও ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০২৩ সালের শেষ দিকে তিনি গোডাউনটি ছেড়ে দেওয়ার জন্য আসমান আলীকে বলেন। পরে ২০২৪ সালের শেষ দিকে গোডাউনটি ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। একপর্যায়ে গোডাউনটি ছেড়ে দেওয়ার সময় সেখানে কিছু মালামাল ও দরজা-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়।তিনি আরও জানান, ২০২২ সালে জমি অধিগ্রহণের সার্ভে কার্যক্রমের সময় আসমান আলী ওই গোডাউনে অবস্থান করছিলেন। পরবর্তী সময়ে অধিগ্রহণ ও ক্ষতিপূরণসংক্রান্ত নোটিশ জারি হলে স্থাপনার বিষয়ে আসমান আলীর নাম এবং জায়গা ও ব্যবসায়িক ক্ষতিপূরণের নোটিশ তাঁর নিজের নামে আসে। এ নিয়ে তিনি ভূমি অধিগ্রহণ শাখায় অভিযোগ করেন।মোবারক হোসেনের দাবি, তাঁর অভিযোগের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই দফা সরেজমিন তদন্ত করে। ৬ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসমান আলীর দাখিল করা কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দাখিলের জন্য তাঁকে সময় দেওয়া হয়। সর্বশেষ ৫ নভেম্বর তাঁকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।সংবাদ সম্মেলনে আসমান আলীর করা ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেন বলেন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি এ ঘটনাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।এ সময় তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সাংবাদিক, এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত