প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
পরীমনির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ফের বিতর্কে জড়িয়েছেন। রাজধানীর একটি ফ্যাশন শো অনুষ্ঠানে দর্শকের তোপের মুখে পড়ে ‘মিডল ফিঙ্গার’ দেখানোর পর এবার গাইবান্ধায় সাংবাদিকদের বয়কটের মুখে পড়েছেন তিনি।রোববার (০৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে যোগ দেন পরীমনি। সেখানে উপস্থিত লোকজনের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও সমালোচনার ঝড় ওঠে। পরে নিজের সামাজিক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে এই আয়োজনের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের দায়ী করেন এই অভিনেত্রী।এদিকে একই দিন সাংবাদিককে অবমাননা করার অভিযোগে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। রোববার দুপুরে শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত এই সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় পরীমনির অসংবেদনশীল ও উদ্ধত আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা দেন স্থানীয় সাংবাদিক নেতারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত