প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ইউরোপের স্বপ্নে সাগরপথে যাত্রা, সেনেগালে ২১ অভিবাসীর মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে ইউরোপগামী অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।রোববার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন মাত্র একজন।রাজধানী ডাকার থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে কেবেমের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটি অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রতিবছর বহু অভিবাসীর প্রাণহানি ঘটে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সেনেগালের উপকূলে সর্বশেষ নৌকাডুবির ঘটনা আবারও সেই ঝুঁকির ভয়াবহতা সামনে নিয়ে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত