প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মান্দায় বাড়িতে একা পেয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার ২
নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টু (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল সরদার (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগীর ভাই ও মা কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়িতে ওই তরুণী ও তাঁর বাবা ছিলেন। ঘটনার সময় তরুণীর বাবা বাজার করার জন্য স্থানীয় নীলা বাজারে যান। এই সুযোগে অভিযুক্ত দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত দুজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত