প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শেরপুরে শুক্রবার সাপ্তাহিক ছুটির দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি
বগুড়ার শেরপুরে দোকান শ্রমিকদের সাপ্তাহিক ছুটি শুক্রবার নির্ধারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর কাছে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর থানা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সংগঠনটির নেতারা এ স্মারকলিপি জমা দেন। এতে দোকান শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শারীরিক ও মানসিক বিশ্রাম নিশ্চিত করা এবং পারিবারিক ও সামাজিক জীবনে সময় দেওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকরের দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শেরপুর থানা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক ফরহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ্ সুলতানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দোকান শ্রমিকরা প্রতিদিন দীর্ঘ সময় ধরে কর্মস্থলে দায়িত্ব পালন করেন। কিন্তু পর্যাপ্ত বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ অনেক ক্ষেত্রেই তাঁদের জন্য সীমিত।ফলে শারীরিক বিশ্রাম, পারিবারিক বন্ধন এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর করা জরুরি।তাঁরা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে এ দাবি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।এ বিষয়ে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত