প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযান,মাদকসহ আটক ১
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় রাতভর পৃথক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য (আরসি কাফ) ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাতে ৪২ বিজিবির অধীনস্থ কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে একজনকে আটকসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত