প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
চাটমোহরে লুট হওয়া সারের মধ্যে ফেরত ২৯০ বস্তা,ডিলারকে জরিমানা
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভাঙচুর করে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন। একই সঙ্গে সার মজুতের তথ্য গোপন করায় এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া মোট ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ফেরত এসেছে ২৯০ বস্তা। এর মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা ফেরত পাওয়া যায়। এখনও ৩২১ বস্তা সার উদ্ধার হয়নি।বুধবার ছাইকোলা বাজারের কিনটি ডিলার পয়েন্ট থেকে দুই হাজার কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। এ সময় বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান তার গোডাউনে সার ফুরিয়ে গেছে বলে দাবি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গোডাউন থেকে ৫০ বস্তা সার উদ্ধার করা হয়। সার মজুত করে মিথ্যা তথ্য দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত