প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
কালিয়াকৈরে আবারও মহাসড়কে বিশৃঙ্খলা চেষ্টা, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে মধ্যাহ্ন বিরতির পর ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে পোশাক কারখানায় শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২ টার দিকে কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি এলাকায় শ্রমিকরা কারখানায় কাজে যোগাযোগ না দিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। পরে আচমকাই তারা সড়কে ময়লা আবর্জনার বস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে তাৎক্ষণিক ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে, আজ সকালে উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘন্টা আন্দোলনের পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যায়। কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আচমকাই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট একটিভ থাকায় তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে গেছে। পুরো এলাকায় পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত