প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা মুখী সার্ভিস লেনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুল কান্দি (ইমামের চর) গ্রামের মৃত আব্দুর রহমান ও মৃত জহুরা বেগমের ছেলে।কালিহাতী থানা পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এএসআই তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গল্ফ-৭১ ডিউটি পালন করছিল। এ সময় সন্দেহভাজন আমানুল্লাহকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত