প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় করাব ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. জাহির মিয়া (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে করাব গ্রামে তাঁর নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তার জাহির মিয়া করাব গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে। তিনি করাব ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই থানার মামলা নম্বর ০৮, তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫-এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি দায়ের করা হয়।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাহির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একজন বর্তমান জনপ্রতিনিধির প্রায় এক বছর আগের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত