প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ওবায়দুল কাদেরের ভাই-ভাতিজা গ্রেপ্তার, নোয়াখালীতে চাঞ্চল্য
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টিপু ও তাঁর ছেলে গোপনে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব কোম্পানীগঞ্জ এলাকায় একাধিক মিছিল করেছেন। তাঁর বাবা শামছুর রহমান টিপু এসব কর্মকাণ্ডে পরামর্শ ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত