প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচনকে ঘিরে পিআর পদ্ধতি নিয়ে মতবিরোধ
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যাসূচক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আয়োজনের বিষয়ে আলোচনা জোরালো হচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এ নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে তর্ক-বিতর্ক। জামায়াতে ইসলামীর কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুললেও, বিএনপি শুরু থেকেই এ পদ্ধতির তীব্র বিরোধিতা করছে।এ কারণে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি দেখা দিয়েছে। বিশেষত ভোট পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্ররা পিআর ব্যবস্থার বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে।অন্যদিকে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যকে কাজে লাগাতে চাইছে। জুলাই থেকে দলটির নেতাকর্মীরা পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে রাজপথে আন্দোলন চালাচ্ছেন। তাদের লক্ষ্য— জনমত তৈরি করা এবং ভোটের মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।এদিকে, জামায়াত নীতিনির্ধারকরা শুধু আন্দোলন নয়, নির্বাচনী প্রচারও সমন্বিতভাবে চালিয়ে যাচ্ছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে— কোনোভাবেই জাতীয় নির্বাচনের সুযোগ হাতছাড়া করা যাবে না।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন নিয়ে একপ্রকার কোণঠাসা অবস্থায় আছে জামায়াত। সরকার ও একটি বিশেষ দলের ওপর চাপ তৈরি করতেই তারা রাজপথে সক্রিয়। তবে ডাকসু-জাকসু নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাওয়ায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলটির আত্মবিশ্বাস বেড়েছে।জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের অন্তত পাঁচজন নেতা জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাদের মধ্যে কোনো শঙ্কা নেই। ইতোমধ্যেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। তাদের পরিকল্পনা— ৩০০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে প্রার্থী দেওয়া।এবারের প্রার্থী তালিকায় নতুন মুখও যুক্ত হয়েছে। তারা উন্নয়ন ইস্যু নিয়ে প্রচারণা চালাচ্ছেন, সভা-সমাবেশ করছেন এবং জনগণের আস্থা অর্জনে চেষ্টা করছেন। পাশাপাশি তৃণমূল ভোটারদের টার্গেট করে অনলাইনে ক্যাম্পেইনও জোরেশোরে চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত