প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
আক্কেলপুরে ডাকাতি, ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার কামাল গাজীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে লুট হওয়া অর্থ, স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ অক্টোবর) রাতে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কামাল গাজী খুলনা জেলার সোনাডাঙ্গা বানরগাতী হাজী ইসমাইল রোড এলাকার শহীদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ২৪ টি মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতে আক্কেলপুরের গোপীনাথপুর গ্রামের সোহেল রানা নামের এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ একদল ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ২১ হাজার টাকা নগদ অর্থ ও ড্রোন ক্যামেরা লুট করে। এ ঘটনায় সোহেল রানা আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অভিযান চালায়। অবশেষে ২ অক্টোবর ঢাকার খিলগাও থানার দক্ষিণ বনশ্রীর জনৈক শহিদুল্লাহ বাসার দ্বিতীয় তলার একটি ভাড়ার ফ্ল্যাট থেকে লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ডাকাত দলের সর্দার কামাল গাজীকে গ্রেপ্তার করা হয়।জয়পুরহাটের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার কামাল গাজীকে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পি/এইচ: চম্পক কুমার
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত