প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
বিএনপির মনোনয়ন না পেয়ে বিপক্ষে কাজ করলেই বহিষ্কার
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রায় দুই শতাধিক আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। দলটির পরিকল্পনা অনুযায়ী, এই মাসের তৃতীয় সপ্তাহে মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামার নির্দেশনা দেওয়া হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসনভিত্তিক দ্বন্দ্ব নিরসনের পর একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কাজ করলে বহিষ্কারের খড়গ নেমে আসবে।”অন্যদিকে, এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী এখন বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী। আন্দোলনে পাশে থাকলেও আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করে গণসংযোগে নেমেছে ইসলামপন্থী এই দলটি।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যার সাথে জনগণের সংযোগ আছে, তাকে বেছে নেওয়া সহজ কাজ নয়। তড়িঘড়ি করে ঘোষণা দিলে সেটা সংগঠনের দুর্বলতা বোঝায়। বিএনপি গণভিত্তিক দল— তাই যাচাই-বাছাই করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।”প্রতিটি আসনে গড়ে চারজন করে মনোনয়নপ্রত্যাশী মাঠে রয়েছেন। ফলে কোথাও কোথাও নিজেদের মধ্যেই প্রতিযোগিতা তৈরি হয়েছে। সেপ্টেম্বরজুড়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলেছেন। এই প্রক্রিয়ায় দলটি এখন পর্যন্ত প্রায় ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।যেসব আসনে বিদ্রোহের আশঙ্কা বেশি, সেখানে তফসিল পর্যন্ত কৌশলী অবস্থান নেবে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, “একক প্রার্থী নির্ধারণ ও সবাইকে একসঙ্গে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছি। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই বিষয়টি ঘোষণা করা হবে।”২০১৮ সালের নির্বাচনে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়নের সমালোচনা মাথায় রেখে এবার শুরু থেকেই সতর্ক দলটি। দক্ষ সংগঠক, আন্দোলনে ভূমিকা রাখা, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং তরুণ নেতৃত্ব— এসব মানদণ্ডে প্রার্থী বাছাই করা হচ্ছে।সালাহউদ্দিন আহমদ বলেন, “জনপ্রিয়তা, রাজনৈতিক দক্ষতা ও মেধাভিত্তিক প্রতিযোগিতা বিবেচনায় এনে এবার চমক থাকবে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে তৈরি হবে তালিকা।”রুহুল কবির রিজভীর ভাষায়, “আন্দোলনে ভূমিকা ও জনগণের মধ্যে প্রার্থীর ভাবমূর্তি— সব দিক বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত হবে।”
অন্যদিকে, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর আসন সমন্বয় নিয়েও আলোচনা চলছে। বিএনপি ইতোমধ্যে মিত্রদের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে। জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে সর্বোচ্চ ৫০টি আসনে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও দলটি এখনই কিছু জানাতে চায় না। তফসিল পর্যন্ত আলোচনা খোলা রাখবে তারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত