প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
কাতারের উদ্যোগে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান
কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই প্রতিবেশি দেশ আফগানিস্তান ও পাকিস্তান। রোববার (১৯ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়।এর আগের দিন শনিবার দোহায় আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল। সেখানেই দুই পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই আলোচনায় কাতারের পাশাপাশি মধ্যস্থতার ভূমিকা পালন করেছে তুরস্কও।কাতার জানায়, যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে নজরদারি ও পরবর্তী করণীয় ঠিক করতে দুই দেশ শিগগিরই একটি ফলোআপ বৈঠক করবে।২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক দুই সপ্তাহে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েক হাজারের বেশি আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।দোহা বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালানোর সুযোগ পাচ্ছে এবং কাবুল সরকার তাদের পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে। এই অভিযোগে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল দুই দেশের মধ্যে। কয়েক সপ্তাহ আগে আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা প্রতিশোধ হিসেবে সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায় আফগান বাহিনী, যা দ্রুত বড় ধরনের সংঘাতে রূপ নেয়।এর আগে দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হলেও সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আফগান সীমান্তবর্তী এলাকায় আবারও বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল—কিন্তু তখনই পাকিস্তান নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল।কাবুল শুরু থেকেই বলে আসছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় বা মদদ দেয় না।অন্যদিকে, গত শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আত্মঘাতী হামলায় সাত সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, কাতার ও তুরস্কের এই যৌথ উদ্যোগ হয়তো দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথে একটি নতুন সূচনা হয়ে উঠতে পারে।সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত