প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা, নিহত ২৬
ইসরায়েল মঙ্গলবার গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। দেশটি দাবি করেছে, হামাস যুক্ত আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এরপর বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ‘তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা’ শুরু হয়।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী ক্যাম্পে একটি বাড়িতে পাঁচজন, গাজার সাবরা এলাকায় একটি ভবনে চারজন, এবং খান ইউনুসে একটি গাড়িতে পাঁচজন নিহত হয়েছেন। হামলা বুধবার ভোর পর্যন্ত সময় ধরে চালিয়ে যাওয়ার তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়ে মুখ খুলেনি। তবে এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হামাস গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর অ্যাকশন নিয়েছে, যা স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। গত ১০ অক্টোবর, ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যস্থতায় কার্যকর হওয়া ওই যুদ্ধবিরতির পর দুই বছর ধরে চলা যুদ্ধে বিরাম আশা করা হয়েছিল। তবে উভয় পক্ষই এক-অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করে যাচ্ছে। সোমবার এক ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে, রাফাহ শহরে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গোলাগুলি হয়েছে। হামাস এই ঘটনায় তাদের পূর্ণ সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নেতানিয়াহু দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েলি বন্দিদের মৃতদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় ভুল অবশিষ্টাংশ হস্তান্তর করে। পরে হামাস জানিয়েছে, তারা মঙ্গলবার একটি নিখোঁজ বন্দির দেহ হস্তান্তর করতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলের ‘চুক্তি লঙ্ঘনের’ কারণে তা ঠেকেছে। চুক্তি অনুযায়ী, হামাস জীবিত সব বন্দিকে মুক্তি দিয়েছে এবং বিনিময়ে ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনা অভিযান স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। হামাস এখনও উদ্ধার না হওয়া নিহত বন্দিদের দেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও বলা হয়েছে—গাজার ধ্বংসস্তূপে দেহগুলো খুঁজে বের করতে সময় লাগবে। গাজা নগরে এক হামলায় শিফা হাসপাতাল-এর পাশে একটি ভবনে চারজন নিহত হয়েছেন। হাসপাতালটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া জাওয়ায়দা এলাকায় একটি তাঁবুতে হামলায় দুইজন আহত হয়েছেন। মিশর থেকে ভারী যান্ত্রিক যন্ত্রপাতি আসার পর থেকে গত কয়েকদিন ধরেই বন্দিদের দেহ উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। খান ইউনুস ও নুসেইরাতে টানেল খোঁড়ার কাজ চলছে, যেখানে অনেক দেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও কয়েক হাজার নিখোঁজ রয়েছে। সূত্র - রয়টার্সজে/বি
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত