প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে: হাইকোর্টের রায়
শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত রায়ে বলেছেন, ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবে।সোমবার (৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায় যে, কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ মোট ৪২ জন হাইকোর্টে রিট আবেদন করেন।রিটের প্রাথমিক শুনানি শেষে ২ সেপ্টেম্বর আদালত রুল জারি করে এবং উক্ত স্মারকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন। রুলে আদালত জানতে চান, কেন ওই স্মারকটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন ২০০৮ সালের বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হবে না।চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাইকোর্ট রুলটি অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন, যা অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত