প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৯ম জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
“কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প।সোমবার (১০ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও উৎসবমুখর পরিবেশে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জয়পুরহাট জেলা কালেক্টরেট চত্বরে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই হাজার কাব, স্কাউট ও কর্মকর্তা অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্প এলাকায় এসে শেষ হয়। র্যালিতে স্কাউটদের বিভিন্ন সচেতনতামূলক প্লাকার্ড ও স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। পরে মূল এরিনায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'কাব স্কাউটরা দক্ষতার মাধ্যমে নিজেদের প্রমাণ করবে। নিজেদের দক্ষ নাগরিক হিসেবে তৈরি করে দেশের প্রয়োজনে কাজে লাগাবে। দেশ আমাদের, দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দায়িত্ববোধ তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব না।' উপস্থিত কাব স্কাউটদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আমার সামনে যারা বসে আছেন, তারাই দেশের ভবিষ্যৎ—তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।' জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জয়পুরহাট জেলা স্কাউটসের সম্পাদক মাহমুদুল হাসান মুন্না। প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ নুরুল ইসলাম।উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরআগে স্কাউট আন্দোলনে বিশেষ অবদান রাখায় জেলার ৪১ জন প্রবীণ স্কাউটার এবং ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাঁচদিনব্যাপী এই ক্যাম্প আগামী ১৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই সময়ে অংশগ্রহণকারীদের জন্য গেমস, স্টেশনভিত্তিক চ্যালেঞ্জ ও নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত