প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
শীতের আগমনে দুপচাঁচিয়ায় লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা।
কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত, রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা কাঁথায় মানছে না শীত,তাই হিমেল ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজন লেপের উষ্ণতার।হিমেল শীতের পরশ থেকে উষ্ণতা পেতে কেউ পুরোনো লেপ-তোষক ও বালিশ ঠিকঠাক করছেন, আবার কেউ নতুন তৈরি করার অর্ডার দিচ্ছেন। অন্যদিকে অনেকে উঠিয়ে রাখা লেপ-তোষক বের করে রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করছেন।শীতের আগমনে লেপ-তোশক তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন কারণ মানুষ শীত বস্ত্রের প্রস্তুতি নিচ্ছে। চাহিদা বাড়ার সাথে সাথে তারা তুলা বাছাই, ধুনো দেওয়া এবং সেলাইয়ের কাজে দিনরাত ব্যস্ত থাকছেন। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের ব্যস্ততা আরও বৃদ্ধি পাবে। সোমবার(১০ নভেম্বর) সরেজমিনে দেখা যায় , একাধিক পরিবারের সদস্যরা তাদের বসত বাড়ির বাক্সে ভর্তি করে রাখা লেপ-তোষক বের করে মেরামত করছেন। লেপ-তোষক তৈরি কারিগর সুমন, নাসিম সেখ ও সেলিম মিয়া জানান, ক্রেতাদের এই আনাগোনা চলবে পুরো শীত জুড়ে।উপজেলা রোড,শহরতলা,সিও অফিস রোড, তেমাথা বাজার রোড, তালোড়া বাজার,চৌমুহনী, জিয়ানগর বাজার, সাহারপুকুর বাজার এলাকা ঘুরে দেখা যায়,লেপ তোষকের দোকানের প্রায় সব ক’টি কারখানা ও দোকান ছিল কারিগরদের কাজের ব্যস্ততা। দোকানিরাও অর্ডার গ্রহণ এবং ক্রেতাদের বিভিন্ন রঙ ও মানের কাপড় ও তুলা দেখাতে বেশ ব্যস্ততা দেখা গেছে। নিত্য পণ্যের মতই বাড়ছে লেপ-তোষক, জাজিম তৈরির খরচ। প্রতি কেজি শিমুল তুলা ৪৫০ টাকা,গার্মেন্টস তুলা ১২০ টাকা থেকে শুরু করে জুট ৩০ টাকা পর্যন্ত বিক্রি করছে।সিও অফিস রোডে লেপ-তোষক ব্যবসায়ী মো. তোতা মিয়া জানান, তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোষক তৈরির খরচ। এ বছর জিনিস পত্রের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ ৩০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। আর একটি লেপ-তোষক বিক্রি করে তাদের ২০০ থেকে ৩০০ টাকা লাভ হয়।বর্তমানে শ্রমিকের মূল্য ও তুলার মূল্য সহ আনুষঙ্গিক কাঁচা মালের মূল্য বেড়ে যাওয়ার কারণে লেপ-তোষকের মূল্য বাড়াতে হয়েছে। বছরের অন্যান্য সময় তোষক-বালিশসহ টুকিটাকি কাজ থাকলেও শীত মৌসুমে একটু কাজ বেশি থাকে।তবে আধুনিকতা আর পরিবর্তনের মানুষের ঘরে ঘরে এখন রঙ-বেরঙের কম্বলের ব্যবহার হলেও লেপের কদর কমেনি। ক্রেতা আজাহারুল ইসলাম বলেন, আমি দুইটি লেপ কিনতে এসেছি। এবার তুলার দাম একটু বেশি। তাই লেপের দাম চড়া।উপজেলা রোডে সিয়াম বেডিং ঘরের স্বত্বাধিকারী সেলিম সেখ বলেন, তুলা ও কাপড়ের মূল্যবৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর লেপ-তোষক বানাতে খরচ কিছুটা বেশি। শিমুল তুলা প্রতি কেজি ৪০০ টাকা প্রকার ভেদে গার্মেন্টস তুলা ৩০ থেকে ৪০ টাকা, সাদা তুলা ৮৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাপড়ের গজ মান অনুযায়ী প্রতি গজ ৪৫ থেকে ৭০ টাকা। সব মিলিয়ে ভালো মানের একটি লেপ বানাতে ১হাজার থেকে এক হাজার ৫ শত টাকার মতো খরচ পড়ছে। তে-মাথা বাজার রোডে লেপ-তোষক ব্যবসায়ীনাসিম সেখ জানান, কিছুটা শীত অনুভূত হলেও এখনো ভালো করে শীত পড়েনি। তবে রাতে শীত করে। তাই লোকজন শীতবস্ত্রের প্রতি ঝুঁকছেন। প্রতিদিন প্রায় ০৭-১০টি লেপ-তোষকের অর্ডার আসছে। শীত যতই বাড়বে অর্ডার ততই বাড়তে থাকবে বলে জানান তিনি। একই মানের একটি তোষকেও খরচ আসে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। এছাড়াও কারো ব্যক্তিগত আরো ভালো মানের লেপ-তোষকে খরচ তাদের চাহিদামতো।উপজেলা সদরে বোরাই গ্রামের রেহেনা বেওয়া বলেন, নিজেদের পুরোনো ব্যবহারি লেপ সেলাই করে নিচ্ছেন। লেপ-তোষক বানানোর ক্ষমতা তাদের নেই। তাই পুরোনো লেপকে মেরামত করে ব্যবহার উপযোগী করছেন তারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত