প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
জয়পুরহাটে জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে চলছে রেড ক্রিসেন্টের ভোট
দীর্ঘ অপেক্ষার অবসান। স্তিমিত দিনের শেষে আবারও যেন প্রাণের কলরব। জয়পুরহাটের রাজনীতির মাঠে এখন উৎসবের মেজাজ- তবে এ উৎসব কোনো সাধারণ মেলা নয়। এটি মানবসেবার মহান ব্রত নিয়ে কাজ করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। বহু বছর পর এই ইউনিটে এমন সাজ সাজ রব, যেখানে দীর্ঘ প্রস্তুতির পর চূড়ান্ত লড়াইয়ে নামছেন প্রার্থীরা।শনিবার (২৯ নভেম্বর) জয়পুরহাটের সদর উপজেলা পরিষদ মিলনায়তন যেন পরিণত হয়েছে গণতন্ত্রের এক জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশের মিলনমেলায়। এদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলছে ভোটগ্রহণ।রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা গেছে, চলতি মাসের ১১ নভেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আবু রেজা মো. আমিনুর রহমান ও ওমর আলী বাবু। নির্বাচনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিট লেভেল অফিসার শেখ আরিফউজ্জামান।ঘোষিত তফসিল অনুযায়ী, চলতি মাসের ১৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ভোটার আপত্তি, নিষ্পত্তি, মনোনয়নপত্র সরবরাহ, দাখিল, বাছাই, প্রার্থী তালিকার আপত্তি, নিষ্পত্তি, প্রার্থীতা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ নানা ধাপ পেরিয়ে আজ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মতিয়র রহমান, ফেরদৌস হোসেন, গোলাম কিবরিয়া তাপস এবং অ্যাডভোকেট আ. ছালাম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন অধ্যাপক আমিনুর রহমান বকুল, মিনহাজুল ইসলাম মানিক, দোলোয়ার হোসেন চপল, আবু বক্কর সিদ্দিক, হাসিবুল আলম এবং এএইচএম ওবায়দুর রহমান সুইট।এছাড়া কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারভীন বানু, নুর মোহাম্মদ আজাদ রাব্বী, শাহাদৎ হোসেন, শরিফুল ইসলাম, মাসুদুজ্জামান, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, আলকাওসার ওরফে জনি, খিজির হায়াত, আজিজুর রহমান, আব্দুল বাতেন, জাকের হুসাইন, গোলাম মর্তুজা, এ্যাড. হেনা কবির, খালেদুল মাসুদ আঞ্জুমান, তৌফিকুল ইসলাম ফকির, রফিকুল ইসলাম চপল ও আবু রায়হান সহ মোট ১৯ জন প্রার্থী।নির্বাচন কমিশনার ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে এবার বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। মোট এক হাজার ৯৬০ জন ভোটার রয়েছেন। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার চেষ্টা করছি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত