প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
এক মাসে ৪ কোটি টাকার চোরাচালান আটক, জনকল্যাণেও নজর বিজিবির
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের সীমান্ত এলাকায় নভেম্বর মাসজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার মাদক ও চোরাচালানের মালামাল আটক করেছে। একইসাথে মানব পাচার রোধ এবং সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কার্যক্রমেও নজর রেখেছে বিজিবি।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিজিবির রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন ২৯-ফুলবাড়ি ব্যাটালিয়ন দিনাজপুর সেক্টরের গুলজার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় দিনজপুর সেক্টরের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খানসহ জয়পুরহাট, দিনাজপুরের বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বিজিবি কর্মকর্তারা জানিয়েছে, এ বছরের নভেম্বর মাসে এই রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে। তারা মাদক ও চোরাচালানের সাথে জড়িত। এক মাসে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, প্রসাধনী, ঔষধ, পোশাক, জিরা, ধান, চিনি, পিয়াজ, আপেল, মোটরসাইকেল, সাইকেল, মোবাইল জব্দ করা হয়েছে। ছয় রাউন্ড গুলিসহ তিনটি বিদেশী ওয়ান শুটারগান এবং প্রায় দুই কেজি গান পাউডার জব্দ করা হয়েছে।চোরাচালান রোধের পাশাপাশি মানব পাচার প্রতিরোধেও বিজিবি বিশেষ গুরুত্ব দিয়েছে। এক মাসে সীমান্ত এলাকা থেকে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে পাচারকারীদের উদ্ধার করা হয়েছে। এছাড়াও ইলিশ পাচার রোধ, জাল টাকা পাচার রোধ ও আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজির টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই সময়ে বিজিবি ও বিএসএফ বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত রক্ষায় সক্ষমতা বাড়াতে সম্প্রতি লালমনিরহাট জেলার ৬১ বিজিবির আওতায় চতুরবাড়ী বিওপি স্থাপন করা হয়েছে। সীমান্তে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।সামরিক দায়িত্বের বাইরেও বিজিবি সামাজিক দায়বদ্ধতা পূরণে সক্রিয়। গত ২৯ নভেম্বর দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় ৩০০ জন গরীব ও দুস্থ এবং একশজন বাচ্চার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, একটি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ৫০৯ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। নভেম্বর মাসে সীমান্ত এলাকায় বিভিন্ন পর্যায়ে দুই হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভা করে স্থানীয় জনগনকে সীমান্ত সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত