প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
আক্কেলপুরে ইট খুলে রান্নার ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরীকে কৈফিয়ত তলব করে নোটিশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ইট খুলে রান্নার আয়োজনের ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা এবং দপ্তরী ফিরোজ হোসেনকে কৈফিয়ত তলব করে নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সেখানে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। গত ১১ ডিসেম্বর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাদের কৈফিয়ত দিতে বলা হয়েছে।ওই নোটিশে বলা হয়েছে, ওই বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী ফিরোজ হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা বিদ্যালয়ের শহীদ মিনারের ইট খুলে চুলা বানিয়ে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজ সম্পন্ন করেছেন। এ অনিয়মের জন্য ব্যবস্থা গ্রহনের লক্ষে কেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করা হবে না, তার সন্তোষজনক জবাব পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।উল্লেখ্য, গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সিঁড়ির ইট খুলে এনে পঞ্চম শ্রেণির সমাপনী বিদায় অনুষ্ঠানের রান্নার চুলা করা হয়। এ ঘটনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ তোলেন স্থানীয়রা।এলাকাবাসীর অভিযোগ, শহীদ মিনার থেকে ইট খুলে রান্নার কাজে ব্যবহার করা শুধু দায়িত্বহীনতাই নয়, এটি শহীদদের প্রতি চরম অবমাননা। এমন আচরণ জাতীয় মূল্যবোধকে কলঙ্কিত করার শামিল।ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা বলেন, শহীদ মিনারের ইট আগে থেকেই খোলা ছিল। সিঁড়িতে পড়ে থাকা কয়েকটি ইট এনে অনুষ্ঠানের রান্নার জন্য অস্থায়ী চুলা করা হয়েছিল। শহীদদের অবমানা করা উদ্দেশ্য ছিল না। এ ঘটনায় আমাকে শিক্ষা অফিস থেকে ৭ দিনের মধ্যে জবাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, শহীদ মিনারের ইট খোলার ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দপ্তরী কাম-প্রহরীকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে কৈফিয়ত তলব করে পত্র প্রেরণ করা হয়েছে। তাদের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত