প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আব্বাস আলীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় বিএনপি নেতা আব্বাস আলী জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। দলীয় মনোনয়ন না পেলেও তার অনুসারী ও সমর্থকরা নির্বাচনী লড়াইয়ে তাকে দেখার অপেক্ষায় ছিলেন। সেই ধারাবাহিকতায় রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের নিকট থেকে আব্বাস আলীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন তার প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও তার এই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি ওই আসনের সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।আব্বাস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক তুখোড় ছাত্রনেতা। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন।দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন ও অসংখ্য মামলা-হামলার শিকার হয়েও তিনি রাজপথ ছাড়েননি। নেতাকর্মীদের ভাষ্যমতে, আব্বাস আলী সব সময় বুক চিতিয়ে লড়াই করেছেন এবং শত প্রতিকূলতার মাঝেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত