প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান। ভবিষ্যতে সেখানেই পরিবার নিয়ে অবস্থান করবেন তিনি। ওই বাড়ির পাশেই খালেদা জিয়ার আবাসস্থল ‘ফিরোজা’ অবস্থিত।১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাসপাতালে পৌঁছান। এ উপলক্ষে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।এর আগে গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তারেক রহমান দেশবাসীর প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না।”তিনি আরও বলেন, “১৯৭১ সালে যেমন এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষ একত্র হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে, তেমনভাবেই আজ আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ কথা বলার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই আছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে পাহাড় ও সমতলের নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে।”এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি তুলে নেন। এ দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।
তারেক রহমান, তাঁর স্ত্রী ও কন্যাকে বিমানবন্দরে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। তাঁদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত