প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির কবর জিয়ারতের রওনা হলেন তারেক রহমান
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে তিনি শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে উপস্থিত থাকবেন।কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের আবেদন করবেন তারেক রহমান। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।সালাহউদ্দিন আহমদ জানান, শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকবে এবং ওই দিনই তারেক রহমানের ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে।
দীর্ঘদিন পর দেশে ফিরে রাজনৈতিক ও নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তারেক রহমানের এই কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত