প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ভোটার হিসেবে নিবন্ধিত হতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন। দলীয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিনি নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজন হলে যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।এর আগে আজ বেলা ১১টার দিকে তারেক রহমান রাজধানীতে জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), সাধারণভাবে পরিচিত পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যাবেন বলে জানা গেছে।দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সপরিবার দেশে ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি।সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাকে দেখে পরে তিনি গুলশানে নিজের বাসায় ফিরে যান।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরা ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের ভোটার হওয়া দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত