প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
পাগলা মসজিদের ১৩ দান সিন্দুক খুলে মিলল ৩৫ বস্তা টাকা, রেকর্ড ভাঙার সম্ভাবনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক আজ শনিবার সকালে খোলা হয়েছে। এতে অন্তত ৩৫ বস্তা টাকা ছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। সিন্দুক খোলার পর থেকেই টাকা গণনার কাজ চলছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।আজ সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দান সিন্দুক খোলা শুরু হয়। প্রথমে লোহার তৈরি সিন্দুকগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো মেঝেতে ঢেলে গণনা কার্যক্রম শুরু করা হয়।জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গণনা কাজে রূপালী ব্যাংকের প্রায় এক শ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। পাশাপাশি আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট প্রায় পাঁচ শ জন এই কার্যক্রমে যুক্ত আছেন।এবার তুলনামূলক কম সময়ে—তিন মাস ২৭ দিন পর দান সিন্দুক খোলা হলো। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট চার মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হলে পাওয়া গিয়েছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। সে সময়ও বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হিরা পাওয়া যায়।জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের দৈনন্দিন ব্যয় নির্বাহের পর অবশিষ্ট দানের অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে ব্যাংকে নগদ হিসেবে ১০৪ কোটি টাকার বেশি অর্থ সংরক্ষিত রয়েছে। এ ছাড়া অনলাইনে দান করা আরও ১২ লাখ টাকার বেশি অর্থ রয়েছে। আজ গণনা শেষে প্রাপ্ত টাকাও ব্যাংকে জমা দেওয়া হবে। দান হিসেবে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা আছে। সময় ও সুযোগ বুঝে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ মূল তহবিলে যুক্ত করা হবে।তিনি আরও জানান, পাগলা মসজিদের তহবিল থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসহায়তাসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এই অর্থ ব্যয় করা হয়।পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন বলেন, দান সিন্দুক খোলা থেকে শুরু করে টাকা গণনা ও ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ জেলার অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা। দেশের বিভিন্ন জেলা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত এখানে দান করতে আসেন। টাকার পাশাপাশি স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ নানা ধরনের সামগ্রীও দান করা হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, আধুনিক তুরস্কের বসফরাস প্রণালির পাশের মাল্টিপারপাস মসজিদগুলোর আদলে পাগলা মসজিদকে কেন্দ্র করে একটি বৃহৎ ইসলামি কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রায় ১০ তলা বিশিষ্ট এই ভবনে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি নারী মুসল্লিদের জন্য আলাদা স্থান, এতিমদের শিক্ষাব্যবস্থা, মাদ্রাসা, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনসহ নানা আধুনিক সুবিধা যুক্ত করা হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত