প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। এ লক্ষ্যে বুধবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।বিএনপি সূত্র জানায়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও রাজনৈতিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত