প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
স্বামী পরিত্যক্ত নারীর বাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কালাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা।গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০) ও মোহাম্মদ আলী (৪০), দেওগ্রাম এলাকার সবুজ মিয়া (২৮) ও আঞ্জুমান (২৮) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের বিপুল (২৮) বলে জানাগেছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৭ ডিসেম্বর রাতে কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্ত নারী শাহানারা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা শোবার ঘরের বারান্দার গ্রীলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা শাহানারা বেগমের গলায় চাকু ধরে মারধর করে স্টিলের আলমারি থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নেয়।ঘটনার পর প্রতিবেশীরা আহত অবস্থায় শাহানারা বেগমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ২৫ ডিসেম্বর কালাই থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ শনিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্র, ধারালো ছোরা, হাতুড়ি ও প্লাস উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আশপাশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত