প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
জয়পুরহাট চেম্বারের হাল ধরল নতুন কমিটি
জয়পুরহাটে ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করার নতুন অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ।সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডে অবস্থিত স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।দ্বি-বার্ষিক মেয়াদে নির্বাচিত এই কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল। নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ আগামী দুই বছরের জন্য জেলা চেম্বারের দায়িত্বভার গ্রহণ করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান।আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমেন ফকির এবং চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা জয়পুরহাটের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে নব-নির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন কমিটির নেতৃবৃন্দ জেলাকে পরিবেশ বান্ধব ও ব্যবসা-সফল এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত