প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
জয়পরহাটে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মতিয়ার রহমান মিন্টু উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।এদিন বিকেল সাড়ে ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে অভিযুক্ত মিন্টু বাইসাইকেলযোগে হাটখোলা বাজার থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার বাইসাইকেলের সিটের নিচের রডের ভেতর কস্টেপে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৭ দশমিক ৭২ গ্রাম অর্থাৎ ৫০ ভরি ০৬ আনা ০১ রতি। এসবের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২২৫ টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি পুরাতন বাইসাইকেল ও নগদ ১ হাজার ৫০৬ টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ভারতে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত