প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
আদমদীঘির চার ফিলিং স্টেশন অকটেনশূন্য ভোগান্তিতে চালকরা
বগুড়ার আদমদীঘি উপজেলার চারটি ফিলিং স্টেশনে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। ফলে পেট্রল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে মোটরসাইকেলচালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।সোমবার (২৩ মার্চ) সরেজমিন দেখা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।যদিও ডিজেল ও পেট্রলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবু অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা।ভুক্তভোগী মোটরসাইকেলচালক মামুন হোসেন জানান, তার মোটরসাইকেলের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রল নিতে হচ্ছে। সেটি নিতেও রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অকটেনের ইঞ্জিনে পেট্রল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।ফিলিং স্টেশন-সংশ্লিষ্টরা জানান, আদমদীঘি উপজেলার মুরইলে জয় ফিলিং স্টেশন, সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় আশা ফিলিং স্টেশন, পৌর শহরে আনিকা ফিলিং স্টেশন ও বাইপাস মোড়ে হা-মিম ফিলিং স্টেশন রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে এই ৪টি ফিলিং স্টেশনে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরো তীব্র হয়েছে।এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২৫০ টাকা এবং প্রাইভেট কারে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রল দেওয়া হচ্ছে। দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত