প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর শহরে বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা রাত আটটার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।জানা গেছে, জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে রয়েছেন শিবলী সাদিক। এরপর থেকে খাদিজা মল্লিক হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর হাসপাতালে তার শ্বশুরবাড়ির সদস্য ও স্বজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়।আত্মহত্যার চেষ্টার আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে খাদিজা মল্লিক দাবি করেন, দীর্ঘ সাত বছর ধরে তিনি অন্যায় ও নির্যাতনের শিকার হচ্ছেন এবং আর সহ্য করতে পারছেন না। তিনি জীবনের ক্লান্তি প্রকাশ করে ‘শান্তিতে ঘুমাতে চাওয়া’র কথাও উল্লেখ করেন।স্ট্যাটাসে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার দাবি করেন। পাশাপাশি স্বামী শিবলী সাদিক ও তার এক নারী সহযোগীর বিরুদ্ধে এই পরিস্থিতির জন্য দায়ী থাকার অভিযোগ তোলেন। তবে নিজের সিদ্ধান্তকে ভুল স্বীকার করেও তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যেতে পারে।পরিবারের সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে এদিন অতিরিক্ত মাত্রায় সেবনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে তাকে ভর্তি করা হয় এবং বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত