প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল সাড়ে ৮টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক প্রমুখআলোচনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিসহ মোট ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য পান্তা-ইলিশ, চিড়া-দইসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আপ্যায়ন করা হয়।নববর্ষ উপলক্ষে কালেক্টরেট মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী, মাটির তৈজসপত্র এবং বাহারি মিঠাই-মিষ্টান্নের স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত