প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
আক্কেলপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ঢুকে পাঁচ গরু চুরি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রায় ২০ ফুট উঁচু দেয়াল টপকে একটি বাড়িতে ঢুকে তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়িটি সৌদি প্রবাসী মোহসিন আলীর। সেখানে তাঁর স্ত্রী ও দুই সন্তান বসবাস করেন। বাড়ির গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু ছিল। প্রতিদিনের মতো রাতের খাবার দিয়ে ঘুমানোর পর সকালে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের ভেতরের দরজা বাইরে থেকে আটকানো।পরে প্রতিবেশীদের ডাক দিলে তারা ভেতরে ঢুকে দরজা খুলে দেন। এ সময় দেখা যায়, গোয়ালঘরে কোনো গরু নেই এবং বাড়ির প্রধান ফটকের গ্রিল কাটা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।স্থানীয়দের ধারণা, চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির প্রায় ২০ ফুট উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর মূল ফটকের তালা কেটে গোয়ালঘরে ঢুকে গরুগুলো নিয়ে যায়।প্রবাসীর পিতা মোহাম্মদ আলী মন্ডল বলেন, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। তাঁর পুত্রবধূসহ কয়েকজন গরুগুলো খোঁজার জন্য বাইরে গেছেন।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত