প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
সারিয়াকান্দিতে মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মধ্যরাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে এবং মাঠের পাকা বোরোধান মাটিতে লুটিয়ে পড়েছে। ভারি বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে কিছু ধানক্ষেত তলিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।স্থানীয়রা জানান, রোববার (২৬ এপ্রিল) রাত ২টার পর হঠাৎ মাঝারি ধরনের দমকা হাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর বাতাসের তীব্রতা বেড়ে যায় এবং শুরু হয় ভারি বৃষ্টি। এ সময় তীব্র বজ্রপাতও হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলা ঝড়বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষয়ক্ষতি ঘটে।উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বসতঘর ভেঙে পড়েছে, কোথাও ঘর হেলে গেছে। বাড়ির পাশে থাকা নারিকেল, আম, কাঁঠাল ও ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়েছে।একই সঙ্গে ঝড়ের তীব্র বাতাসে মাঠের পাকা বোরোধান মাটিতে নুয়ে পড়েছে। অনেক জায়গায় ধানের শীষ ঝরে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। এতে ধান কাটতে অতিরিক্ত শ্রমিক খরচ হবে বলে আশঙ্কা করছেন তারা।পারতিত পরল গ্রামের কৃষক বাদশা মিয়া বলেন, ঝড়ে তার দুটি আধাপাকা টিনশেড ঘরের সিমেন্টের খুঁটি ভেঙে গেছে, ঘর হেলে পড়েছে। পাশের নারিকেল গাছ ভেঙে পড়ে প্রতিবেশীর ঘরেরও ক্ষতি হয়েছে। মাঠের পাকা ধানও নষ্ট হয়েছে।বগুড়া আবহাওয়া অফিস জানায়, রাত ২টা ৫ মিনিটে ঝড়বৃষ্টি শুরু হয়ে ২টা ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এ সময় ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, ঝড়ে উপজেলা ভূমি অফিসের দেয়াল ভেঙে গেছে এবং উপজেলা চত্বরে দুটি বড় গাছ উপড়ে পড়েছে। উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত