প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
হিলি সীমান্তে অবৈধ গরু পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে গরু পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সীমান্তজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, হিলিসহ আশপাশের সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।তিনি বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ভারতে বিরাজমান অস্থিরতাকে বিবেচনায় নিয়ে সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী প্রতিটি পয়েন্টে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক চলাচলের ওপর কড়া নজর রাখা হচ্ছে।বিজিবি সূত্র জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর সীমান্ত পথে ভারতীয় গরু পাচারের চেষ্টা বাড়ে। এ কারণে এবার আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্ন এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।অধিনায়ক আরও জানান, সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও গরু পাচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে।তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।স্থানীয়রা জানান, সম্প্রতি সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন তারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত