প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
বদলগাছীতে আগুনে পুড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের
নওগাঁর বদলগাছীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৭ মে) সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার জোড় পুকুরিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পার্শ্ববর্তী কোলা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকায় সরকারি খাসজমিতে কয়েকটি অসহায় পরিবার বসবাস করতেন। বুধবার সকালে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ভেতরে আটকে ছিলেন রফিকুল ইসলাম। ঘটনাস্থলটি জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় আগুন লাগার সময় সেখানে কোনো পুরুষ মানুষ উপস্থিত ছিলেন না। স্থানীয় নারীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও তাকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হন।স্বজনরা জানান, প্রায় চার মাস আগে একই এলাকার একটি পুকুরে ডুবে রফিকুলের ভাইয়ের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই তার মানসিক অবস্থার অবনতি ঘটে। গত দুই মাস ধরে আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে আটকে রাখতেন।চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করা পরিবারটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার পর সর্বশেষ হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকায় সরকারি খাসজমিতে বসবাস শুরু করে। পরিবারের উপার্জনক্ষম কোনো সদস্য না থাকায় বৃদ্ধা মা সুফিয়া বেগম (৫৬) ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালাতেন। একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।বদলগাছী থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন রফিকুলের মাধ্যমেই আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান আছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত