প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
সড়কে শুকাতে দেওয়া খড় কেড়ে নিলো শ্যালক-দুলাভাইয়ের প্রাণ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের কারণে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল পিছলে প্রাণ হারিয়েছেন দুলাভাই ও শ্যালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী।সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার পূর্ব সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) এবং তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)। আহত হয়েছেন ইমনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, ইমন খন্দকার তাঁর স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা এলাকায় সড়কে শুকাতে দেওয়া খড়ের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে গেলে তারা ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইমন নিহত হন। গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ধান কাটার মৌসুমে বিভিন্ন সড়কে খড় ও ধান শুকানোর প্রবণতা বেড়েছে, যা যান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের দাবি, সড়ক দখল করে এভাবে খড় শুকানো বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম জানান, প্রাথমিকভাবে সড়কে শুকাতে দেওয়া খড়ের কারণেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত