প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রাম থেকে শারমিন নাহার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।নিহত শারমিন নাহার ওই গ্রামের কৃষক শামীম হোসেনের স্ত্রী। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার মঙ্গলপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়িতে দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন নিজেদের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পাশের কক্ষে রান্নাঘরে শারমিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাঁর স্বামী। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের স্বামী শামীম হোসেন বলেন, রাতে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়েছিল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে রান্নাঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।স্থানীয় বাসিন্দা ও সোনামুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান আলী সরদার বলেন, তাঁদের জানামতে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর মধ্যে বড় ধরনের কোনো বিরোধ ছিল বলে তিনি শুনেননি।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত