প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
আক্কেলপুরে দুই বছরে গ্রাম আদালতে ৯৬০ মামলার ৯৫৫ টি নিষ্পত্তি, ৬৪ লাখ টাকার বেশি আদায়
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে গত দুই বছর তিন মাসে ৯৬০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯৫৫টি মামলার নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ ও জরিমানা বাবদ আদায় হয়েছে ৬৪ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা।আজ মঙ্গলবার দিনব্যাপীরউপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গ্রাম আদালতে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী কল্পনা রানী রায়।উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দায়ের হওয়া ৯৬০টি মামলার বাদীদের মধ্যে ৬৭০ জন পুরুষ ও ২৯০ জন নারী। এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৯৫৫টি মামলা। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান।আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর্মশালায় পৌরসভা এলাকায়ও গ্রাম আদালতের মতো ব্যবস্থা চালুর দাবি ওঠে। গণমাধ্যমকর্মী সাদমান হাফিজ (শুভ) বলেন, ইউনিয়ন পরিষদ এলাকায় যেসব বিরোধের নিষ্পত্তি গ্রাম আদালতের মাধ্যমে হচ্ছে, একই ধরনের সমস্যা পৌরসভা এলাকাতেও দেখা যায়। তাই পৌরসভা পর্যায়েও এ ধরনের বিচার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া উচিত।রায়কালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি দেওয়ানি মামলা করেছিলেন আকরাম হোসেন। তিনি বলেন, দ্রুত রায় পাওয়ায় তাঁর সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়েছে। তবে অনেক মানুষ এখনো গ্রাম আদালত সম্পর্কে জানেন না। এ বিষয়ে আরও প্রচার-প্রচারণা প্রয়োজন।গ্রাম আদালতের সমন্বয়কারী কল্পনা রানী রায় বলেন, গ্রাম আদালতে দেওয়ানি মামলার জন্য ২০ টাকা এবং ফৌজদারি মামলার জন্য ১০ টাকা ফি নেওয়া হয়। এ অর্থ ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। বর্তমানে গ্রাম আদালত শুধু ইউনিয়ন পরিষদ পর্যায়ে কার্যকর রয়েছে, পৌরসভা এলাকায় এ ব্যবস্থা নেই।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমান বলেন, গ্রাম আদালত আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বিচারব্যবস্থা। এখানে দেওয়ানি ও ফৌজদারি—উভয় ধরনের ছোটখাটো বিরোধের নিষ্পত্তি করা হয়। কম খরচে ও দ্রুত সময়ে বিচার পাওয়ার সুযোগ থাকায় মানুষ উপকৃত হচ্ছেন। একই সঙ্গে উচ্চ আদালতে মামলার চাপও কমছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত